ইউক্রেনকে বিভক্ত করে শান্তি স্থাপন চায় ট্রাম্পের দূত কেলগ
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানির মতো দ্বিখণ্ডিত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বিশেষ দূত জেনারেল (অব.) কিথ কেলগ। তিনি বলেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে ভাগ করে একটি ডিমিলিটারাইজড (নিরস্ত্রীকৃত) অঞ্চল তৈরি করা যেতে পারে, যার পূর্বাংশে থাকবে রাশিয়ার সেনা এবং পশ্চিমাংশে অ্যাংলো-ফরাসি নেতৃত্বাধীন বাহিনী।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এ দেওয়া সাক্ষাৎকারে কেলগ বলেন, “আপনারা এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বার্লিনের মতো ভাবতে পারেন। সেসময় যেমন রুশ, মার্কিন, ফরাসি ও ব্রিটিশ অঞ্চলে বিভক্ত ছিল বার্লিন।” তিনি বলেন, দিনিপ্রো নদীর পশ্চিমে বিদেশি শান্তিরক্ষীরা অবস্থান করলেও তা মোটেই উসকানিমূলক হবে না। জেনারেল কেলগের মতে, ইউক্রেন যথেষ্ট বড় এবং সেখানে একাধিক বাহিনীর উপস্থিতি যুদ্ধবিরতির জন্য সহায়ক হতে পারে। তিনি দিনিপ্রো নদীর পূর্বে ১৮ মাইল প্রশস্ত একটি নিরস্ত্রীকৃত অঞ্চল তৈরির প্রস্তাবও দেন। যদিও তিনি স্পষ্ট করেননি কিয়েভের পূর্বাঞ্চলের আরও কোনো অংশ রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাবও অন্তর্ভুক্ত কি না।
মস্কো অবশ্য বারবার জানিয়েছে, তারা ইউক্রেনে কোনো ন্যাটো শান্তিরক্ষী মেনে নেবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সম্মত যুদ্ধবিরতির পরিকল্পনা রুশ প্রেসিডেন্ট পুতিন বিলম্বিত করছেন বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প রাশিয়ার ওপর তার প্রভাব খাটিয়ে একটি শান্তি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, “আমরা বিশ্বাস করি আমাদের যথেষ্ট প্রভাব আছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।”
এদিকে ট্রাম্পের আরেক বিশেষ দূত স্টিভ উইটকফ সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে সাড়ে ৪ ঘণ্টার আলোচনায় মিলিত হয়েছেন। ক্রেমলিনের ওয়েবসাইটে দুজনের করমর্দনের ছবি প্রকাশ করে জানানো হয়েছে, বৈঠকে ইউক্রেন ইস্যুতে শান্তি প্রক্রিয়ার দিকগুলো নিয়ে আলোচনা হয়।
আলোচনার ঠিক আগে ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প বলেন, “ভয়াবহ ও অর্থহীন এই যুদ্ধে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। পুতিনের উচিত যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি করা।”