প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসলো বিএনপি,
দিগন্ত জার্নাল ডেস্ক :
বুধবার,১৬ এপ্রিল ২০২৫ || বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। বুধবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ।
বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ও রোডম্যাপ, নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তি নিরসন, সরকার ও নির্বাচন কমিশনের মনোভাব স্পষ্ট করা, এবং সংবিধান সংস্কার নিয়ে সরকারের উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
বিএনপি নেতারা বৈঠকে বলেন, তারা নির্বাচন নিয়ে চলমান ধোঁয়াশা নিরসনে একটি স্পষ্ট রোডম্যাপের প্রয়োজনীয়তা অনুভব করছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধান উপদেষ্টা এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তিনি জুন পর্যন্ত সময় উল্লেখ করছেন, যা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।”
এছাড়া বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় বিএনপির জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে, যার ভার্চুয়াল সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দুই বৈঠকে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়।
বৈঠকে নেতারা জানান, সংবিধান সংস্কার নিয়ে ভুল ব্যাখ্যার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিএনপি ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর আগের সংবিধান কাঠামোতে ফেরার পক্ষে মত দিয়েছে, যার মধ্যে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’, ‘সামাজিক সুবিচার’, এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ অন্তর্ভুক্ত ছিল।
তারা আরও জানান, বিএনপি এমন কোনো সংস্কার চায় না, যা নির্বাচন পেছানোর অজুহাত হয়ে দাঁড়ায়। দলের নেতাদের ভাষ্য, প্রয়োজনীয় সংস্কার অধ্যাদেশ, নির্বাহী আদেশ বা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে করা সম্ভব।
বিএনপির প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট মহল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্নের উদ্যোগ গ্রহণ করবে এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।