প্রতিবছর পাঁচ লাখ মামলা দায়ের, এক লাখ মামলা নিষ্পত্তির লক্ষ্য: আসিফ নজরুল - দিগন্ত জার্নাল

প্রতিবছর পাঁচ লাখ মামলা দায়ের, এক লাখ মামলা নিষ্পত্তির লক্ষ্য: আসিফ নজরুল

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে প্রতি বছর গড়ে পাঁচ লাখ মামলা দায়ের করা হয়, তবে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে ৩৫ হাজার মামলা নিষ্পত্তি করা হয়। তিনি আশা প্রকাশ করেন, সংস্থাটিতে বছরে দুই লাখ মামলা নিষ্পত্তি হলে আদালতে মামলার চাপ কমপক্ষে ৪০ শতাংশ হ্রাস পাবে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আমার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিচারকাজে বিড়ম্বনা কমানো, সময় বাঁচানো এবং অর্থ ব্যয় কমানো। এর জন্য ইতোমধ্যেই আমরা বেশ কিছু সংস্কার কার্যক্রম শুরু করেছি, যা হয়তো ততটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আইন বিশেষজ্ঞদের কাছে এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।”

তিনি আরও বলেন, “দেওয়ানী কার্যবিধিতে যুগান্তকারী বেশ কিছু সংশোধন করা হয়েছে, যা উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। আশা করছি, আগামী সভায় এটি চূড়ান্ত অনুমোদন লাভ করবে।”

ফৌজদারী কার্যবিধিতেও ব্যাপক পরিবর্তন আনার কথা জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, “যদি বিচার করার সময় অর্ধেকে নামিয়ে আনা যায় এবং ৪০ শতাংশ মামলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে নিষ্পত্তি করা যায়, তবে বিচারপ্রার্থী মানুষের জন্য এটি একটি বড় কাজ হবে।”

পারিবারিক মামলা, এনআই অ্যাক্টের মামলা এবং আপসযোগ্য ফৌজদারি মামলাগুলো বাধ্যতামূলকভাবে জাতীয় আইনগত সহায়তা সংস্থায় পাঠানো সম্ভব হলে আদালতের বিপুল সংখ্যক মামলাজট কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া, তিনি বলেন, “বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিসগুলোতে মাত্র একজন সহকারী/সিনিয়র সহকারী জজ কাজ করছেন। এসব অফিসে একজন সিনিয়র সহকারী জজ ছাড়াও একজন যুগ্ম জেলা জজ এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়া হবে, যার ফলে কাজের গতি আরও বৃদ্ধি পাবে।”

আইন উপদেষ্টা জানান, “আগামী ছয় মাসের মধ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে এমন একটি পর্যায়ে উন্নীত করতে চাই, যেখানে অন্তত এক লাখ মামলা নিষ্পত্তি হবে এবং এক বছরের মধ্যে দুই লাখ মামলা নিষ্পত্তি হবে। এটি সফল হলে, বিচারপ্রার্থী মানুষের জন্য বাংলাদেশে একটি বড় সুবিধা সৃষ্টি হবে।”

অনুষ্ঠানে সেরা লিগ্যাল এইড অফিসার এবং সেরা প্যানেল আইনজীবীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

an adbox will go here