গাজীপুরে অপরিকল্পিতভাবে মাটি কাটার দায়ে ১০ জনকে কারাদণ্ড
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার (২৭ এপ্রিল ২০২৫) রাতে গাজীপুর সিটি করপোরেশনের কারখানা বাজার ও ইসলামপুর এলাকায় অপরিকল্পিতভাবে মাটি কাটার দায়ে ১০ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মামুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস এবং টঙ্গী (রাজস্ব) সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস জানান, রাতে কারখানা বাজার ও ইসলামপুর এলাকায় কৃষিজমি থেকে ভেকু দিয়ে অপরিকল্পিতভাবে মাটি কাটার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কারখানা বাজার এলাকা থেকে তিনজন এবং ইসলামপুর এলাকা থেকে সাতজনকে আটক করা হয়। পরে তাদের সবাইকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয় এবং সোমবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কৃষিজমির মাটি অবৈধভাবে ও অপরিকল্পিতভাবে কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।