গুজরাটে ‘বাংলাদেশি’ সন্দেহে ঘরবাড়ি গুঁড়িয়ে দিলো প্রশাসন, আটক ৬,৫০০
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে কথিত ‘বাংলাদেশি’ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রশাসন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে আহমেদাবাদের চান্দোলা লেক এলাকার ‘সিয়াসতনগর বাঙাল ভাস’-এ বেআইনি ঘরবাড়ি ভাঙার কাজ শুরু হয়। আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, এলাকায় বেআইনি নির্মাণ এবং অনুপ্রবেশকারীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর এই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রায় ৫০টি বুলডোজার এবং দুই হাজার পুলিশ সদস্য অভিযানে অংশ নিয়েছে।
পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শরদ সিংহল জানিয়েছেন, ওই এলাকার অধিকাংশ বাসিন্দা বাংলাদেশের নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। এর আগে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এক সমীক্ষায় দেখেছিল যে, বহু ঘরবাড়ি অবৈধভাবে নির্মিত। এর আগে শনিবার (২৬ এপ্রিল) রাত থেকে রাজ্যজুড়ে ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তে তল্লাশি অভিযান চালানো হয়। সোমবার রাত পর্যন্ত এই অভিযানে মোট ৬,৫০০ জনকে আটক করা হয়। তবে পুলিশের মতে, তাদের মধ্যে মাত্র ৪৫০ জনের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়া গেছে। রাজ্যের পুলিশ মহাপরিচালক বিকাশ সহায় বলেছেন, “আমরা যাচাই-বাছাই করে নিশ্চিত হয়েছি যে ৪৫০ জন বেআইনিভাবে গুজরাটে অবস্থান করছিলেন। অবশিষ্টদের সম্পর্কে যাচাই চলছে।”এদিকে বিবিসির প্রতিবেদনে দেখা গেছে, ভোর রাত থেকেই এলাকাবাসীরা তাদের ঘরবাড়ি খালি করে অন্যত্র চলে যেতে শুরু করেন। অভিযানের ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।