ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ জন বিচারক
দিগন্ত জার্নাল ডেস্ক:
আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫০ জন বিচারক।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজসহ সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
এ প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে এবং বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংযোগ নেই। সুপ্রিম কোর্টের পরামর্শে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
২০১৭ সালের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল বাংলাদেশ এবং ভারতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সামর্থ্য বাড়ানোর জন্য ভূপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওই সমঝোতা স্মারকের পর বলেছিলেন, “পৃথিবীর প্রত্যেকটা দেশে উচ্চ আদালতের বিচারকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। ভারতের প্রত্যেকটা রাজ্যে একটি জুডিশিয়ারি ট্রেনিং ইন্সটিটিউট রয়েছে; উচ্চ আদালতের বিচারকদের জন্য। এছাড়া ভূপালে তাদের জাতীয় জুডিশিয়ারি একাডেমি আছে।”
এ প্রশিক্ষণের প্রথম আয়োজন ২০১৭ সালের ১০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হয়েছিল।