ওডেসায় রুশ ড্রোন হামলায় নিহত ২, আহত ১৫; ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও রেলপথ - দিগন্ত জার্নাল

ওডেসায় রুশ ড্রোন হামলায় নিহত ২, আহত ১৫; ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও রেলপথ

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলবর্তী শহর ওডেসায় বৃহস্পতিবার ভোরে রাশিয়ার চালানো ড্রোন হামলায় অন্তত ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক এলাকা, অবকাঠামো ও রেলপথে। ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানান, হামলায় বহুতল আবাসিক ভবন, ব্যক্তিগত ঘরবাড়ি, একটি সুপারমার্কেট, একটি স্কুল এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু স্থানে আগুন ধরে গেছে, এবং দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ করছেন।

রয়টার্সের খবরে বলা হয়, ইউক্রেনীয় রেল সংস্থা উক্রজালিজনিতসিয়া জানায়, হামলায় রেললাইন, বৈদ্যুতিক সংযোগ এবং তিনটি মালবাহী গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবু যাত্রীবাহী ট্রেন নির্ধারিত সময়েই চলছে, এবং বিকল্প রুটে পণ্য পরিবহন অব্যাহত রয়েছে। নিহতদের একজন ছিলেন সংস্থাটির কর্মী, যিনি নিজের বাড়িতেই হামলার শিকার হন।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া মোট ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৭০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ৭৪টি ড্রোন ভূপাতিত এবং ৬৮টি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিষয়ে তারা কিছু জানাতে পারেনি। ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি উঁচু ভবনের সম্মুখভাগ ধসে পড়েছে, দোকানগুলোর জানালার কাচ ভেঙে পড়েছে এবং দমকল কর্মীরা ধ্বংসাবশেষে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত। এছাড়া উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভে, শহরের কেন্দ্রে একটি জ্বালানি পাম্প স্টেশনে ড্রোন আঘাত হানে, ফলে সেখানে আগুন ধরে যায় বলে জানিয়েছেন মেয়র ইহর তেরেখভ।

an adbox will go here