স্বেচ্ছা প্রত্যাবাসনে ভ্রমণ খরচসহ $১,০০০ দেবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেলে এক হাজার ডলার ভাতা ও ভ্রমণ ব্যয় দেবে ট্রাম্প প্রশাসন। সোমবার (৫ মে) এক বিবৃতিতে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোম। তিনি বলেন, ‘স্বেচ্ছা প্রত্যাবাসনই গ্রেফতার এড়িয়ে যুক্তরাষ্ট্র ত্যাগের সবচেয়ে নিরাপদ ও ব্যয়সাশ্রয়ী উপায়।’ ‘সিবিপি হোম অ্যাপ’ ব্যবহার করে প্রত্যাবাসন নিশ্চিত হলে ওই অভিবাসীকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
প্রশাসনের ভাষ্য, এতে সরকারিভাবে প্রত্যাবাসনের ব্যয় ৭০ শতাংশ কমবে। বর্তমানে প্রতি অভিবাসীর প্রত্যাবাসন খরচ গড়ে ১৭,১২১ ডলার। ইতোমধ্যে হন্ডুরাসের এক অভিবাসী এই কর্মসূচির আওতায় নিজ দেশে ফিরেছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসী বহিষ্কারের কথা বলেছিলেন।