কাশ্মীর হামলার পর উত্তেজনা, ভারতজুড়ে নিরাপত্তা মহড়া
আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সীমান্তে গোলাগুলির পাশাপাশি দুই দেশই সেনা শক্তি প্রদর্শন করছে। এর প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার দেশব্যাপী যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা মহড়ার নির্দেশ দিয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭ মে থেকে শুরু হওয়া এই মহড়ায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সিভিল ডিফেন্স কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। ১৯৭১ সালের পর এটিই হবে সবচেয়ে বড় নিরাপত্তা মহড়া। প্রশিক্ষণের মধ্যে থাকবে বিমান হামলার সতর্কতা, ব্ল্যাকআউট পরিস্থিতি, নিরাপদ আশ্রয়ের প্রস্তুতি ও উদ্ধার মহড়া। ইতোমধ্যে পাঞ্জাবের ফিরোজাবাদে ক্যান্টনমেন্ট এলাকায় ব্ল্যাকআউট মহড়া হয়েছে। সেনাবাহিনীর অনুরোধে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। মোদি বলেন, হামলাকারীরা কল্পনাতীত শাস্তি পাবে। তিনি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে একাধিক বৈঠকে সশস্ত্র বাহিনীকে পাল্টা আক্রমণের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।