সুদানের পোর্ট সুদানে ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক:
সুদানের পোর্ট সুদান শহরে একাধিক বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ছোড়া ড্রোন জ্বালানি ডিপোতে আঘাত হানায় এই বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার (৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলমান গৃহযুদ্ধের ফলে তৃতীয় দিনের মতো শান্ত শহরটি কেঁপে ওঠে। ধোঁয়ার কালো কুণ্ডলী উঠতে দেখা যায় দেশের প্রধান সামুদ্রিক বন্দরের আশপাশে। স্থানীয়দের দাবি, আরএসএফের ড্রোন শহরের জ্বালানি ডিপো, বিমান ঘাঁটি এবং বন্দরের আশপাশে হামলা চালিয়েছে। সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যকার সংঘাত ইতোমধ্যে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। লোহিত সাগর উপকূলীয় শহরে রোববার থেকে শুরু হওয়া এই হামলা যুদ্ধের তীব্রতা বাড়ার ইঙ্গিত দেয়।
সামরিক সূত্র জানায়, রোববার শহরের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এরপর সোমবার জ্বালানি ডিপোগুলো লক্ষ্য করে হামলা হয়। সেনাবাহিনী দাবি করে, তারা আরএসএফ নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে বিমান ও অস্ত্র ডিপো ধ্বংস করেছে। তবে আরএসএফ এসব হামলার দায় স্বীকার করেনি। প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে এই লড়াই শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১.৫ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন গবেষকদের হিসেবে মৃতের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে।