গাজা-সহ চার দেশে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫৪
আন্তর্জাতিক ডেস্ক:
গাজা, ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৬ মে) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হোদেইদায় অন্তত ৩০টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। একইসঙ্গে লেবানন ও সিরিয়ার ওপরও হামলা চালিয়েছে তারা। এদিকে, গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনা রোববার অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। এই পরিকল্পনায় গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে তা নিয়ন্ত্রণে রাখার বিষয়ও রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, পরবর্তী কয়েক মাস ধরে ধাপে ধাপে হামলা জোরদার করা হবে—এই প্রস্তাব মন্ত্রিসভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান যুদ্ধে ৫২,৫৬৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৮,৬১০ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা ৬১,৭০০-এর বেশি বলে জানিয়ে বলেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজারো মানুষকেও মৃত হিসেবে ধরা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ বন্দী হন।