‘অপারেশন সিন্দুর’: পাক ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি পরিকাঠামোয় আঘাত হেনেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, মঙ্গলবার (৬ মে) মধ্যরাতেই শুরু হয় ‘অপারেশন সিন্দুর’। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযানে এখন পর্যন্ত ৮ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে।
অভিযান শুরুর পরপরই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সামাজিক মাধ্যমে “ভারত মাতার জয়” স্লোগান দিয়ে বার্তা দেন। মূলত পাক-অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে চালানো হয় এই অভিযান, যেখানে একাধিক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুরেও তিনটি বড় বিস্ফোরণের খবর মিলেছে। স্থানীয়রা দাবি করেছেন, এসব হামলা মূলত গ্রিড স্টেশন লক্ষ্য করে চালানো হয়, যা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় চরম বিঘ্ন ঘটায়। এর ফলে মুজাফফরাবাদসহ গোটা পাকিস্তানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে পাকিস্তান ৪৮ ঘণ্টার জন্য দেশের আকাশসীমা সাময়িকভাবে সব ধরনের বিমানের জন্য বন্ধ করে দিয়েছে।