ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের বিষয় নয়’—মার্কিন ভাইস প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-পাকিস্তান সংঘাত প্রসঙ্গে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই উত্তেজনা কমাতে আমরা উৎসাহিত করতে পারি, তবে এটা আমাদের বিষয় নয়।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এতে সরাসরি জড়াবে না এবং বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে সংঘাত বন্ধের আহ্বান জানান।
গত ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে হামলার জেরে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে পাকিস্তান ভারতের কয়েকটি বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করে। পাল্টা উত্তেজনায় সীমান্তজুড়ে সংঘর্ষ বাড়তে থাকে। ভারতের দাবি, পাকিস্তান জম্মু, আরএস পুরা, সাম্বা ও হিরানগরে ক্ষেপণাস্ত্র ছোড়ে, তবে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করেছে।
পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে এবং বলছে, ভারতীয় গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে—যেমন যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক, করাচি বন্দরে হামলার মতো খবর, যা ভিত্তিহীন।