ধর্মদ্রোহী সংস্কার বাতিল না হলে দুর্বার আন্দোলনের হুশিয়ারি দিলেন ইসলামাবাদী
নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, (১৩ মে ২০২৫) নাটোরের ভবানীগঞ্জ মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ আজ সোমবার (১২ মে) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন-বিরোধী প্রতিবেদন বাতিল, আলেম-উলামা ও হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভারতীয় আগ্রাসন বন্ধের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, “ইসলামবিরোধী নারী কমিশন যে সংস্কার প্রস্তাব দিয়েছে, তা স্পষ্টভাবে কুরআনের বিধানের বিরুদ্ধে। রাষ্ট্রীয়ভাবে এই সংস্কার রিপোর্ট বাতিল করতে হবে। তা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের ঈমান-আক্বিদা ও ইসলামী জীবনব্যবস্থায় হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আলেম-ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এইসব মামলা প্রত্যাহার করতে হবে। এদেশে ভারতীয় আগ্রাসন দিনদিন বেড়ে যাচ্ছে—সীমান্ত হত্যা, পানি সংকটসহ নানা বৈষম্য চলছে। এসব বন্ধে সরকারের কার্যকর ভূমিকা না থাকলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা সভাপতি মুফতি আব্দুল্লাহ মাদানী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রব্বানী। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার।

এছাড়াও বক্তব্য রাখেন মুফতি আব্দুল মালেক, জেলা সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, মুফতি ফায়সাল আহমদ হাবিব, মাওলানা মুজাজ্জাজ নাঈম, মাওলানা আহমদ মোস্তফা ও মুফতি আব্দুল আহাদ।
বক্তারা ইসলামী মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং অচিরেই দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।