কর্নেল কুরেশিকে ঘিরে বিতর্ক, বিজেপি নেতার মন্তব্যে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের পেহেলগামে কথিত সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের অভ্যন্তরে চালানো ভারতীয় ‘অপারেশন সিঁদুর’-এ অন্তত ৩৫ জন নিহত হন। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ চালায় ভারতের অভ্যন্তরে। দুই পারমাণবিক শক্তিধর দেশের এই ৮৭ ঘণ্টার সংঘর্ষ শেষ হয় ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে।
উভয় দেশই নিজ নিজ বিজয়ের দাবি করছে। ভারতের পক্ষ থেকে কর্নেল সোফিয়া কুরেশি এই অভিযানের অন্যতম মুখ হিসেবে পরিচিতি পান। কিন্তু মুসলিম পরিচয়ের কারণে তাকে নিয়ে বিতর্ক তৈরি করেন মধ্যপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা বিজয় শাহ। সোমবার ইন্দোরে এক জনসভায় ভাষণে তিনি বলেন, “জঙ্গিদের বোনকেই পাঠানো হয়েছে শাস্তি দিতে”, এবং দাবি করেন, “জঙ্গিরা পেহেলগামে জামাকাপড় খুলে ধর্ম পরীক্ষা করে গুলি করেছে। মোদি নিজে না গিয়ে জঙ্গিদের সম্প্রদায়েরই বোনকে পাঠিয়েছেন।”
তৃণমূল ও কংগ্রেস এই মন্তব্যের কড়া সমালোচনা করে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়েছে। কংগ্রেস বলেছে, “দেশ গর্বিত কর্নেল কুরেশিকে নিয়ে এমন মন্তব্য সশস্ত্র বাহিনীর অপমান”। তৃণমূলের ভাষ্য, “এটাই বিজেপির আসল রূপ—ধর্মান্ধ বিদ্বেষ।” যদিও ভিডিওতে কর্নেল কুরেশির নাম উল্লেখ করা হয়নি, কংগ্রেসের দাবি, ইঙ্গিত স্পষ্টভাবে তার দিকেই। সমালোচনার মুখে বিজয় শাহ বলেছেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।