আলোচনায় রাজি ইমরান খান, শর্ত গোপনীয়তা ও সেনা-সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়—প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (১৫ মে) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা এই আলোচনায় অংশ নিতে চান গোপনীয় পরিবেশে ও সেনাবাহিনীর সমর্থনে।
সোমবার আদিয়ালা জেলে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খানের মাধ্যমে শাহবাজ শরিফের প্রস্তাব পৌঁছালে ইমরান খান তা গ্রহণ করেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা হতে হবে ‘মিডিয়া-নিরপেক্ষ, কৌশলগত এবং ফলপ্রসূ’ভাবে। পিটিআই সূত্র বলছে, অতীতে আলোচনার প্রচেষ্টা ভেস্তে গেছে অতিরিক্ত প্রচারের কারণে। তাই এবার তারা টেকসই পরিবেশে শান্তিপূর্ণ আলোচনা চায়। ব্যারিস্টার গহরও আলোচনার বিষয়বস্তু প্রকাশে অনিচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি পার্লামেন্টে শাহবাজ শরিফ জাতীয় সংলাপের প্রস্তাব দিলে পিটিআই জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত ইমরান খানের। এবার তার সম্মতি পাওয়ায় আলোচনা এগোনোর পথ খুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।