সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির - দিগন্ত জার্নাল

সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, (১৫ মে ২০২৫) প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স ও সুপ্রিম কোর্টের গেটসহ ৯টি স্থানে সভা, সমাবেশ, বিক্ষোভ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৫ মে) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট, এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল ধরনের গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।

এতে আরও বলা হয়, কোনো ধরনের দাবিদাওয়া আদায়ের জন্য হঠাৎ সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে পুনরায় অনুরোধ করা হলো।

এর আগে গত ১০ মে সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ও আশপাশের এলাকাতেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ডিএমপি। জননিরাপত্তা ও সরকারি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ধারাবাহিকভাবে এসব নির্দেশনা জারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

an adbox will go here