চাকা খুলে পড়ে গেলেও নিরাপদে অবতরণ করল বাংলাদেশ বিমানের ফ্লাইট - দিগন্ত জার্নাল

চাকা খুলে পড়ে গেলেও নিরাপদে অবতরণ করল বাংলাদেশ বিমানের ফ্লাইট

প্রতিবেদক: ফারজানা রুবি

শুক্রবার, (১৬ মে ২০২৫) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গেলেও বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা এই ফ্লাইটে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার পর বিমানটি ঢাকায় জরুরি অবতরণ করে। বিষয়টি বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছে।

বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি আকাশে ওঠার পর পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। এ ঘটনার পরপরই বিমানটি ঢাকায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। এতে যাত্রীরা আতঙ্কিত হলেও শেষ পর্যন্ত সবাই নিরাপদে অবতরণ করেন।

এদিকে, ঘটনার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে প্রস্তুত রাখা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই ফ্লাইটটি ‘ইমারজেন্সি’ হিসেবে ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, আমাদের ইঞ্জিনিয়ারিং টিম ঢাকার বিমানবন্দরের রানওয়ের পাশে প্রস্তুত অবস্থায় ছিল। বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, এমন পরিস্থিতিতে এমনকি একটি চাকা খুলে গেলেও ওই ধরণের বিমান নিরাপদভাবে জরুরি অবতরণ করতে পারে।

an adbox will go here