জবি শিক্ষার্থীদের গণঅনশনে যোগ দিয়ে “মুলা না বোতল” এমন স্লোগান দিচ্ছেন দীপ্তি - দিগন্ত জার্নাল

জবি শিক্ষার্থীদের গণঅনশনে যোগ দিয়ে “মুলা না বোতল” এমন স্লোগান দিচ্ছেন দীপ্তি

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার, (১৬ মে ২০২৫) ঢাকা: আবাসন সংকট নিরসনসহ চার দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) বিকাল থেকে রাজধানীর কাকরাইল মোড়ে শিক্ষার্থীরা শুরু করেছেন গণঅনশন।

গণঅনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তাকে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা গেছে। এর মধ্যে একটি স্লোগান “মুলা না বোতল” সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। কেউ ভিডিওর নিচে মন্তব্য করছেন “বোতল, বোতল”, আবার কেউ লিখেছেন, “বেশি বাড়াবাড়ি করা ভালো না”।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দীন ঘোষণা দিয়েছেন, শিক্ষার্থীদের চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—
১. আবাসন সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করতে হবে।
২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়া অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প একনেক সভায় অনুমোদন করে তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।
৪. শিক্ষক নিপীড়নে জড়িত পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ত্যাগ করবেন না।

an adbox will go here