মাদানী মজলিস বাংলাদেশের আহ্বান: যুব সমাজ সঠিক পথে এলে বদলে যাবে পুরো দেশ - দিগন্ত জার্নাল

মাদানী মজলিস বাংলাদেশের আহ্বান: যুব সমাজ সঠিক পথে এলে বদলে যাবে পুরো দেশ

নিজস্ব প্রতিবেদক:

শনিবার, (১৭ মে ২০২৫) ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ আবাসিক এলাকায় শুক্রবার (১৬ মে) আয়োজিত এক ইসলাহী যুব সমাবেশে দেশের যুব সমাজকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছে ‘মাদানী মজলিস বাংলাদেশ’। এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, পীরে কামেল শায়খ মুফতী হাফীজুদ্দীন দা.বা.।

সমাবেশে তিনি বলেন, “যুবকদের সঠিক পথে নিয়ে আসা গেলে পুরো সমাজ পরিবর্তন হবে। মাদক, মদ, জুয়া ও নেশার মতো অভিশপ্ত অভ্যাসগুলো থেকে নিজেদের রক্ষা করা শুধু নয়, বরং সমাজ থেকে এগুলো দূর করতে সক্রিয় ভূমিকা নিতে হবে।” তিনি যুবকদের তিনটি মূল প্রতিজ্ঞায় উদ্বুদ্ধ করেন—আল্লাহর সাথে কাউকে শরিক না করা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং সর্বদা কুরআনের বিধান মেনে চলা।

উল্লেখ্য, মাদানী মজলিস বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী চেতনা জাগ্রত করতে নিয়মিতভাবে ইসলাহী মাহফিল ও নৈতিক উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করছে। গত ৪ ফেব্রুয়ারি একই স্থানে আয়োজিত এক মাহফিলে পীরে কামেল যুবকদের মাদক ও ইয়াবার ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন।

শুক্রবারের মাহফিলেও তিনি একই বার্তা তুলে ধরে বলেন, “যুবকরা যদি সঠিক পথে দাঁড়ায়, পুরো সমাজ বদলে যাবে। তাই নিজের জীবন ও আশপাশের পরিবেশ পরিশুদ্ধ করার জন্য সবাইকে কাজ করতে হবে।”

মাদানী মজলিস বাংলাদেশের এ ধারাবাহিক প্রয়াস কেবল ধর্মীয় দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি সময়োপযোগী ও বাস্তবভিত্তিক নৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। তরুণ প্রজন্মকে কুরআন-সুন্নাহর আলোকে গড়ে তুলতে, তাদের মধ্যে আত্মশুদ্ধির প্রেরণা সৃষ্টি করতে এবং সমাজের নানাবিধ অপসংস্কৃতি ও নেশার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সংগঠনটির ভূমিকা আজ প্রশংসনীয়।

সংগঠনটি ভবিষ্যতেও দেশজুড়ে এই ধরনের ইসলাহী ও সমাজ সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

an adbox will go here