ভালুকায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ - দিগন্ত জার্নাল

ভালুকায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

সোমবার, (১৯ মে ২০২৫) ময়মনসিংহের ভালুকা উপজেলায় যৌতুকের দাবিতে মোছাঃ তমা আক্তার নামে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তমা আক্তার স্বামী মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব এলাকার কাজিম উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৫) এর সঙ্গে প্রায় ৮-৯ বছর আগে তমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নজরুল যৌতুকের জন্য চাপ দিতে থাকলে তমার পরিবার ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র প্রদান করে। এরপর বিয়ের দুই বছর পর নজরুল পুনরায় ৫ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করলে আরও ৩ লাখ টাকা দেওয়া হয়।

নজরুল বিদেশে যাওয়ার পর মোবাইল ফোনে আরও ১০ লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন। দেশে ফিরে তিনি তমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। অভিযোগে বলা হয়, নজরুল একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে তমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। নিজেকে কোনোমতে রক্ষা করলেও এরপর বাঁশের লাঠি দিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করে রক্তাক্ত ও বেদনাদায়ক জখম করেন। এমনকি দা দিয়ে মাথায় কুপিয়ে কপালের বাম পাশে রক্তাক্ত জখম করেন এবং আহত অবস্থায় ঘরে আটকে রাখেন।

পরদিন সকালে নজরুল তমাকে বাড়ি থেকে বের করে দিলে গুরুতর আহত অবস্থায় তমার পরিবার তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

an adbox will go here