সাভারে যুবক শাহিনকে গুলি করে হত্যা, তদন্তে পুলিশ - দিগন্ত জার্নাল

সাভারে যুবক শাহিনকে গুলি করে হত্যা, তদন্তে পুলিশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার , (২০ মে ২০২৫) সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় দুর্বৃত্তের গুলিতে শাহিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাবেক বিএনপি সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত শাহিন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি স্থানীয় বরুন দাসের মালিকানাধীন একটি গাড়ির গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন গ্যারেজের পাশের এক ব্যক্তির সঙ্গে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই দুর্বৃত্ত তার মাথায় গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি কিছুক্ষণ একটি বিদ্যুতের খুঁটি ধরে দাঁড়িয়ে ছিলেন, পরে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গ্যারেজ মালিক বরুন দাস বলেন, “শাহিন সারাদিন গ্যারেজে কাজ করেছে। সে খুব ভালো ও ভদ্র ছেলে ছিল। কে বা কারা কেন তাকে হত্যা করল, কিছুই বুঝতে পারছি না।”

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দীন জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। শাহিনের বাড়ি বলিয়ারপুরে হলেও সে থাকতো রেডিও কলোনীতে। তার ছোট একটি ছেলে রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কিছু তথ্য পাওয়া গেছে।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া সংবাদমাধ্যমকে জানান, নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

an adbox will go here