দোয়ারাবাজারের সাবেক চেয়ারম্যান ও জামালগঞ্জের ইউপি সদস্য গ্রেফতার - দিগন্ত জার্নাল

দোয়ারাবাজারের সাবেক চেয়ারম্যান ও জামালগঞ্জের ইউপি সদস্য গ্রেফতার

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার , (২১ মে ২০২৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জে পৃথক দুটি মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান ও বর্তমান এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং একইদিন আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে, আওয়ামী লীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু এবং জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি রিয়াছত আলী।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, মঙ্গলবার ভোরে ছাতক পৌর এলাকার নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেন আনুকে গ্রেফতার করা হয়। তিনি দ্রুত বিচার আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং আরেক মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবেও তাকে আটক করা হয়েছে।

অন্যদিকে জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রিয়াছত আলীকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় দায়ের করা একটি মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ার পর মঙ্গলবার ভোরে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, তদন্তের স্বার্থে দুজনকেই জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

an adbox will go here