ট্রাম্পের কূটনৈতিক নাটকে রামাফোসার সংযত জবাব
আন্তর্জাতিক ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজের বৈঠকগুলো ক্রমেই রূপ নিচ্ছে ‘ডিপ্লোম্যাটিক থিয়েটারে’, যেখানে সম্মান জানানোর বদলে অতিথিদের উসকানির মুখে পড়তে হয়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে সাম্প্রতিক বৈঠক এর স্পষ্ট প্রমাণ। বৈঠকে হঠাৎ আলো নিভিয়ে, বড় স্ক্রিনে ভিডিও চালিয়ে, পুরোনো খবর তুলে ধরে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের নিপীড়নের অভিযোগ তোলেন। উপস্থিত ছিলেন গলফার এর্নি এলস ও রেটিফ গুসেন এবং দক্ষিণ আফ্রিকার কৃষিমন্ত্রী, যিনি একজন বিরোধীদলীয় নেতা।
তবে প্রেসিডেন্ট রামাফোসা সংযত ভঙ্গিতে ট্রাম্পের একের পর এক অভিযোগের মোকাবিলা করেন। তিনি বলেন, “যদি শ্বেতাঙ্গ কৃষকদের গণহত্যা চলতো, তাহলে তারা আজ এখানে থাকতেন না।” পুরো বৈঠকটি যতটা রামাফোসার উদ্দেশ্যে, ততটাই ছিল মার্কিন ঘরোয়া দর্শকদের জন্য—‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ প্রচারের অংশ হিসেবে। তবে এবার রামাফোসার কৌশলী জবাবে ট্রাম্পের প্রচেষ্টা প্রত্যাশিত ফল দেয়নি।