মুনাজ্জাম মাদানী মক্তব : একটি নতুন দিগন্তের সূচনা
নিজস্ব প্রতিবেদক:
রোববার , (২৫ মে ২০২৫) গাজীপুর জেলার মির্জাপুরের জয়নাতলী, বি.কে. বাড়িতে ২২ মে বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মুনাজ্জাম মাদানী মক্তবের একটি নতুন অঙ্গশাখা। নবীন আলেম ও মক্তবের নিষ্ঠাবান কর্মী মাওলানা আব্দুল্লাহ আতিকের পরিচালনায় এই মক্তবটি স্থানীয়ভাবে দ্বীনি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করল।
উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন মক্তবের সেক্রেটারি, ঢাকার প্রখ্যাত বিদ্যাপিঠ জামিয়া শারইয়্যাহ মালিবাগের ভাইস প্রিন্সিপাল এবং পীরে কামেল শায়খ মুফতী হাফীজুদ্দীন দা.বা.। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই মক্তবের মূল লক্ষ্য হলো স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিতদের জন্য সহীহ আকীদা, কুরআন তেলাওয়াত, মাসনূন দোয়া, হাদীস ও ইসলামী নৈতিকতা শিক্ষা দেওয়া। যদিও এটি একটি সুবাহী মক্তব, তবে পাঠ্যক্রম, পরীক্ষা ও পাঠদানের মানে এটি আবাসিক প্রতিষ্ঠানের মতোই ভিত্তি গড়ে তুলবে।”
বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করছেন সিলেটের খ্যাতিমান আলেমে দ্বীন হযরতুল আল্লামা শায়খ রশিদ আহমদ দা.বা.।
মক্তবটির কিছু বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরা হলো:
১. পরিচ্ছন্ন তত্ত্বাবধান : স্থানীয় তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় পর্যবেক্ষণ দলের মাধ্যমে নিয়মিত কার্যক্রম পর্যবেক্ষণ।
২. দানভিত্তিক ব্যবস্থাপনা : শিক্ষকদের সম্মানীসহ পাঠ্যসামগ্রী সরবরাহ হয় শুভাকাঙ্ক্ষীদের অনুদানে।
৩. নৈতিক ও ব্যবহারিক শিক্ষা : শিশুদের মাঝে আদব, সহানুভূতি, শিষ্টাচার ও সমাজসচেতনতা গড়ে তোলা।
৪. দ্বীনের মৌলিক শিক্ষা : সহীহ কুরআন তেলাওয়াত, ইমান ও আকীদা, নামাজের অনুশীলন, সীরাতুন্নবী (সা.) এবং ইসলামী ইতিহাসের সম্যক জ্ঞান প্রদান।
মুনাজ্জাম মাদানী মক্তব শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এক আলোকিত চেতনাযাত্রা। কুরআনের আলো হৃদয়ে ধারণ করে এই মক্তব তৈরি করছে একদল বিশ্বাসী, চরিত্রবান ও সমাজের প্রতি দায়িত্বশীল মানুষ।
এই মহৎ প্রচেষ্টার সঙ্গে আমাদের সবারই দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। একটি আলোকিত জাতি গঠনের শুরু হয় শিশুদের হাত ধরেই—তাই এই প্রদীপগুলো জ্বালিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার।