ট্রাম্প সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইলন মাস্ক
অনলাইন ডেস্ক:
প্রকাশ: ২৯ মে ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যয় সংকোচন নীতির মেয়াদ শেষ হওয়ায় সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মাস্ককে ‘বিশেষ সরকার কর্মচারী’ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্টাল এফিশিয়েন্সি’ বা ডিওজিই নামক সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে প্রতি বছর ১৩০ দিন দায়িত্ব পালনের সুযোগ পান মাস্ক। সে অনুযায়ী, মে মাসেই তার দায়িত্ব পালনের নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, “আমি বিশ্বাস করি ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের সর্বত্র একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। সময়ের সঙ্গে সঙ্গে সংস্থাটি আরও শক্তিশালী হবে।” তিনি আরও বলেন, “বিশেষ সরকার কর্মচারী হিসেবে আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।” হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম সেমাফোর জানিয়েছে, বুধবার রাতেই মাস্কের সরকারি দায়িত্ব পালন শেষ হচ্ছে।
সূত্র: বিবিসি