পাকিস্তানকে ফের এফএটিএফ-এর ধূসর তালিকায় রাখার দাবি ওয়াইসির
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ২৯ মে ২০২৫
ভারতের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়ন রোধে পাকিস্তানকে আবারও ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত।সৌদি আরবের রাজধানী রিয়াদে এক আলোচনায় অংশ নিয়ে ওয়াইসি বলেন, “পাকিস্তানে সন্ত্রাসী সংগঠনগুলো প্রশিক্ষণ পাচ্ছে এবং তারা ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হিন্দু-মুসলিম দাঙ্গা উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য।”
তিনি দাবি করেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পাশে যুক্তরাষ্ট্র কর্তৃক মনোনীত এক সন্ত্রাসী মোহাম্মদ এহসানকে দেখা গেছে। এই করমর্দনের ছবি সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ বহন করে বলেও মন্তব্য করেন তিনি।ওয়াইসি আরও বলেন, “২৬/১১ মুম্বই হামলার ঘটনায় পাকিস্তানকে সুনির্দিষ্ট তথ্য দিয়েছিল ভারত, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ। সাজিদ মিরের মতো অভিযুক্তদের বিষয়ে প্রথমে মিথ্যা বলেও পরে তাদের জীবিত থাকার কথা স্বীকার করে পাকিস্তান।”
এআইএমআইএম প্রধান দাবি করেন, পাঠানকোট হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসলামাবাদ সফর করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছিলেন। তবুও পাকিস্তান কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, “পাকিস্তান মুসলিম বিশ্বকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারিত করে আসছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” ওয়াইসি বলেন, এফএটিএফ-এর ধূসর তালিকায় পাকিস্তানকে আবারো রাখলে দেশটির মাধ্যমে সন্ত্রাসী সংগঠনগুলোর অর্থায়ন ও কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।