ইসরাইলি অভিযানে গাজায় ২০ জিম্মি নিহত: হারেৎজ
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ০১ জুন ২০২৫
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি থাকা অন্তত ২০ জন ইসরাইলি নিহত হয়েছেন। এছাড়া চলমান অভিযানে আরও অন্তত ৫৪ জন বন্দির জীবন ঝুঁকিতে রয়েছে। ইসরাইলি দৈনিক হারেৎজ-এর অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সি-র। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা আগ্রাসনের ৬০১ দিনে বিমান হামলাসহ সামরিক অভিযানে বন্দিরা সরাসরি প্রাণ হারিয়েছেন অথবা তাদের অবস্থানের আশপাশে হামলার কারণে নিহত হয়েছেন।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইল বা হামাস। হারেৎজ জানায়, বন্দিদের অবস্থান নিয়ে উদ্বেগ থাকলেও অনেক সময় মাত্র কয়েকশ মিটারের মধ্যে হামলার অনুমোদন দিয়েছে ইসরাইলি বাহিনী। এক সামরিক সূত্র জানায়, ‘যত বেশি হামলা হবে, ঝুঁকি তত বাড়বে।’ আরেকজন স্বীকার করেন, ‘যেখানে জিম্মিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই, সেখানেও হামলা চালানো হয়।’ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ হাজার ৩৮১ ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ২৪ হাজারের বেশি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায়, যাতে ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এ অভিযানের পর যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের চাপে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। তবে যুদ্ধবিরতির দুই মাসের মাথায় ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে নিহত হয়েছেন আরও তিন হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ১১ হাজার।