ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ২৭ ফিলিস্তিনি, আহত অন্তত ৯০ - দিগন্ত জার্নাল

ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ২৭ ফিলিস্তিনি, আহত অন্তত ৯০

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ০৩ জুন ২০২৫
গাজা উপত্যকার রাফাহ শহরে ত্রাণ সংগ্রহ করতে এসে ইসরাইলি বাহিনীর গুলিতে নতুন করে নিহত হয়েছেন অন্তত ২৭ ফিলিস্তিনি। হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার এক ত্রাণ কেন্দ্রের কাছে অপেক্ষমাণ জনতার ওপর গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে আরও অন্তত ৯০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে দক্ষিণ গাজার রাফাহ শহরে, যেখানে স্থানীয় লোকজন খাবার সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা কয়েকজন “সন্দেহভাজনকে” চিহ্নিত করার পর গুলি চালিয়েছে। তবে এই গুলির প্রকৃত লক্ষ্য নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) দাবি করেছে, তারা দুর্ঘটনাহীনভাবে ত্রাণ বিতরণ করেছে। যদিও বিতরণকৃত খাবার রান্না করে খাওয়ার প্রয়োজন হয়, এবং গাজার অধিকাংশ মানুষের রান্নার উপযুক্ত পরিবেশ নেই বলে সমালোচনা উঠেছে। এর আগে রোববারও GHF পরিচালিত রাফাহ কেন্দ্রের সামনে এমনই এক ঘটনায় ২১ জন নিহত হন বলে জানায় রেড ক্রস। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থার মতে, ওই ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৩১।

ক্রমবর্ধমান এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে ইসরাইলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

an adbox will go here