নেদারল্যান্ডসে জোট ভেঙে সরকার পতন, প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ০৩ জুন ২০২৫
নেদারল্যান্ডসে সরকার পতনের ঘটনা ঘটেছে ডানপন্থি পিভিভি (PVV) দলের জোট ত্যাগের ফলে। দলটির নেতা গির্ট উইলডার্স সরকারের শরণার্থী নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জোট থেকে বেরিয়ে যান। এর পরপরই পদত্যাগের ঘোষণা দেন ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফ। বিবিসির খবরে বলা হয়, আজই তিনি রাজা উইলেম-আলেক্সান্ডারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন। এক জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে স্কোফ বলেন, “উইলডার্সের সিদ্ধান্ত দুঃখজনক ও অপ্রয়োজনীয়। এটা হওয়া উচিত ছিল না।”
উল্লেখ্য, উইলডার্স সম্প্রতি শরণার্থী বিষয়ে কড়া ১০টি শর্ত দিয়েছিলেন, যার মধ্যে ছিল—
- নতুন আশ্রয় আবেদন বন্ধ রাখা
- নতুন আশ্রয়কেন্দ্র না করা
- পরিবারের পুনর্মিলন সীমিত করা
সরকার তার এ দাবি না মানায় পিভিভি জোট ত্যাগ করে। উইলডার্স বলেন, “আমাদের শরণার্থী পরিকল্পনায় সই হয়নি, তাই আমরা জোট থেকে সরে যাচ্ছি।” একই সঙ্গে তিনি জানান, আগামী নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হতে চান এবং পিভিভিকে আরও শক্তিশালী করতে চান। সরকার পতনের ফলে ডাচ মন্ত্রীরা এখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন, যতদিন না নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য, চলতি মাসেই নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।