কুরবানিতে গরুর আঘাতে নারী-শিশুসহ আহত ৭৭ জন, ঢামেকে ভর্তি ৩ - দিগন্ত জার্নাল

কুরবানিতে গরুর আঘাতে নারী-শিশুসহ আহত ৭৭ জন, ঢামেকে ভর্তি ৩

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার, (৭ জুন ২০২৫) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি দিতে গিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, শিশু ও মৌসুমি কসাইসহ অন্তত ৭৭ জন আহত হয়েছেন। তারা গরুর লাথি, শিংয়ের গুঁতো কিংবা ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বলে জানা গেছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এসব আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি তিনজন হলেন—কামাল হোসেন (৬০), আনোয়ার হোসেন (৫৫) ও জমিলা বেগম (৪০)। বাকি ৭৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতদের বেশিরভাগই ছিলেন আনাড়ি কসাই কিংবা আত্মীয়স্বজন যারা কুরবানিতে সহায়তা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। কারও পায়ে বা হাতে ধারালো ছুরির কাট, কেউ গরুর লাথিতে বা শিংয়ের গুঁতোয় পড়ে গিয়ে আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন আলমগীর, চান মিয়া, হাসান, কাশেম, আক্কাস, আবুল শেখ, আউয়াল, আসাদ, ইকবাল, হাশেম, শাহাদাত, রাতুল, জহির, রহিম, জব্বার, জামাল, জাকির, ইমন, শামীম, জিহাদ, সোলেমান, শামসুন্নাহার, লুবনা, মাজহারুল, ইয়াসিন, সৌরভ, ওয়াদুদ, আবুল কাশেম, নজরুল, আখতার, অনিকা, হেনা (০৪), নুরজামাল, আলামিন, দিল মোহাম্মদ, জীবন, বিপ্লব, মনির, আল আমিন, ওহিদ, সজল, মোকসেদ, ইমান, মিজান, জালাল, পলাশ, রাজু, আমিন, জনি, ওমর ফারুক, জাকির শেখ, শেখ মাহমুদ, আমির, রানা, আব্বাস (০৭), সবুজ, সাইফুল, শাহিন, ফরহাদ, মিন্টু, সানি, হিরো, শহিদুল, রুবেল, শাকিব, রনি, ফারুক, রেহানা, আনসার, ইসমাইল, সাইফুল ও এনামুল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “কুরবানি দিতে গিয়ে গরুর আঘাত ও ধারালো অস্ত্রের কারণে নারী ও শিশুসহ মোট ৭৭ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।”

তিনি আরও জানান, আহতদের তালিকা ও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। ঈদের দিন কুরবানির সময় সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন কর্তৃপক্ষ।

an adbox will go here