সিঙ্গাপুর ম্যাচ সামনে, সতীর্থদের সঙ্গেই ঈদ কাটালেন ফুটবলাররা
স্পোর্টস ডেস্ক:
শনিবার, (৭ জুন ২০২৫) দরজায় কড়া নাড়ছে সিঙ্গাপুর ম্যাচ। তারই প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঈদুল আজহার মতো পবিত্র উৎসবেও পরিবারের পাশে থাকতে পারেননি খেলোয়াড়রা। সতীর্থদের সঙ্গেই ঈদ উদযাপন করছেন তারা, ক্যাম্পে থেকেই।
শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করা ফুটবলাররা ঈদের সকাল ৭টায় হোটেলের কাছাকাছি পরিবাগের এক মসজিদে নামাজ আদায় করেন। সাদা পাঞ্জাবি পরে ঈদের নামাজে অংশ নেন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, জামাল ভূঁইয়া, তারিক কাজী, কাজেম শাহসহ অন্যান্য মুসলিম ফুটবলাররা। পাঞ্জাবিগুলো উপহার দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নামাজ শেষে সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খেলোয়াড়রা। ঈদের বিশেষ এই দিনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ পেয়েছেন ফুটবলাররা। তবে সেটা সাময়িকই।
কারণ বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময়মতো অনুশীলনে নামবেন হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
উল্লেখ্য, আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ারা ২-০ গোলের জয় নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন।