মণিপুরে বিক্ষোভ-সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট বন্ধ - দিগন্ত জার্নাল

মণিপুরে বিক্ষোভ-সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ – ০৮ জুন ২০২৫
আবারও উত্তাল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। শনিবার বিকালের পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানী ইম্ফলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় ইন্টারনেট পরিষেবা পাঁচ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিষ্ণুপুরে জারি হয়েছে কারফিউ।

পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। রাজ্যের কমিশনার ও স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও ভিডিও ছড়িয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন। উত্তেজনার সূচনা হয় মেইতেই গোষ্ঠীর পাঁচজন সদস্য, যারা আরামবাই টেংগোল গোষ্ঠীর বলে পরিচিত, তাদের গ্রেফতার ঘিরে। অভিযোগ রয়েছে, তারা কোয়াকেইথেল পুলিশ পোস্টে হামলা চালায়। গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় বিক্ষোভ—বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং কিছু এলাকায় গুলির শব্দ শোনা যায়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় দুই সাংবাদিকসহ তিনজন আহত হন। এনডিটিভির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া নেতাদের মুক্তির দাবিতে কয়েকজন যুবক নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মাহুতির হুমকি দেন। এই পরিস্থিতির কেন্দ্রীয় চরিত্র আরামবাই টেংগোল গোষ্ঠীর নেতা কানন সিং। তার বিরুদ্ধে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অতিরিক্ত পুলিশ সুপার মইরাংথেম অমিতের বাড়িতে হামলা এবং একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অপহরণের অভিযোগ রয়েছে।

an adbox will go here