ঈদেও রেহাই নেই গাজাবাসীর, ইসরাইলি হামলায় নিহত ১০৮ - দিগন্ত জার্নাল

ঈদেও রেহাই নেই গাজাবাসীর, ইসরাইলি হামলায় নিহত ১০৮

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ০৯ জুন ২০২৫
ঈদের দিনও হামলা থেকে রেহাই পেল না গাজাবাসী। মুসলমানদের অন্যতম পবিত্র এই উৎসবের মধ্যেও ইসরাইলি বাহিনীর টানা বিমান হামলায় রোববার গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০৮ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৩৯৩ জন। খবর দিয়েছে ইরানের মেহর নিউজ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, সারা দিনে ইসরাইলি বিমান বাহিনী গাজার বিভিন্ন অংশে চালিয়েছে তীব্র গোলাবর্ষণ, যাতে বহু সাধারণ মানুষ নিহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান চালিয়ে আসছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববারের হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৮০ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২২৭ জন। চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে নতুন করে ইসরাইলি হামলায় ৪ হাজার ৬০৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১৪ হাজার ১৮৬ জন আহত হয়েছেন।

এর মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তবুও নেতানিয়াহু বারবার সাফ জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং ফিলিস্তিনে বন্দি জিম্মিদের মুক্ত করাই এই অভিযানের মূল লক্ষ্য। এবং এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজায় দুই মাসব্যাপী যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব আনা হয়। এই প্রস্তাবে ইসরাইল সম্মতি দিলেও হামাস এখনো তা অনুমোদন করেনি।

an adbox will go here