যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা কমাতে প্রাথমিক চুক্তি
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ১১ জুন ২০২৫
যুক্তরাষ্ট্র ও চীন বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা প্রশমনে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। লন্ডনে দুই দিনব্যাপী বৈঠক শেষে বুধবার এই ঘোষণা দেয় উভয় পক্ষ। খবর সিএনএনের।
চীনের বাণিজ্য আলোচক লি চেংগ্যাং জানিয়েছেন, গত মাসের জেনেভা বৈঠক ও দুই দেশের নেতাদের সাম্প্রতিক ফোনালাপের ভিত্তিতে একটি রূপরেখা তৈরি হয়েছে। এখন তা নিজ নিজ রাষ্ট্রপ্রধানের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক জানান, চুক্তি কার্যকর হলে উভয় দেশ গুরুত্বপূর্ণ পণ্য ও প্রযুক্তির রপ্তানি নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করবে। এর মধ্যে চীন থেকে বিরল খনিজ পদার্থ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা নিষেধাজ্ঞাগুলোর কিছু তুলে নেওয়ার কথাও বলা হয়েছে। চীন দীর্ঘদিন ধরে বিরল খনিজের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় আধিপত্য বজায় রেখে কৌশলগত সুবিধা নিচ্ছে। এই খনিজ পদার্থ ব্যবহৃত হয় গাড়ি, স্মার্টফোন থেকে শুরু করে সামরিক যন্ত্রপাতিতে। যুক্তরাষ্ট্র এতে চীনের ওপর নির্ভরশীল হওয়ায় নিরাপত্তা উদ্বেগে পড়ে।
যুক্তরাষ্ট্র বলেছে, চীন পূর্ব প্রতিশ্রুতি না রাখায় তারা চিপ ডিজাইন সফটওয়্যারের রপ্তানি সীমিত করেছে ও চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি দিয়েছিল। তবে এখন কিছু মাইক্রোচিপ নিয়ন্ত্রণ শিথিলের কথা ভাবা হলেও, উন্নত এনভিডিয়া চিপে নিষেধাজ্ঞা বহাল থাকবে।
হুয়াওয়ের প্রসঙ্গে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ২০২৩ সালে উন্নত প্রযুক্তিসম্পন্ন মেট ৬০ স্মার্টফোন উন্মোচন করে। এতে করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিরোধ কৌশলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।
হুয়াওয়ে প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের শক্তিকে বাড়িয়ে দেখেছে, আমরা এখনো সে পর্যায়ে পৌঁছাইনি। তবে চীনের নিজস্ব প্রযুক্তি গুচ্ছপদ্ধতিতে এগোচ্ছে।” বিশ্লেষকদের মতে, এই আলোচনা ভবিষ্যতের বৃহত্তর বাণিজ্য চুক্তির ভিত্তি তৈরি করতে পারে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে উত্তেজনা আবারও বাড়তে পারে।