ইসরাইলি হামলার নিন্দা সৌদির, পাল্টা ড্রোন হামলা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ১৩ জুন ২০২৫
ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা গেছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে লঙ্ঘন করেছে।” সৌদি আরব এই হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেছে।
শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরাইল ‘রাইজিং লায়ন’ নামে চালানো অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেন সালামি, খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রশিদ এবং পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মাহদি তেহরানচি নিহত হন।
এই হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরাইলের উদ্দেশে ১০০টিরও বেশি ড্রোন উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানান, ড্রোনগুলো গুলি করে নামাতে ইসরাইলি বাহিনী কাজ করছে।
টাইমস অব ইসরাইল জানায়, ইরানি ড্রোনগুলো ইসরাইলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ড্রোনগুলো ইসরাইলের দিকে এগিয়ে যাচ্ছে। এই ঘটনার পর ইসরাইল-ইরান উত্তেজনা আরও বেড়েছে, যার প্রভাব মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।