হজ্ব পালন শেষে দেশে ফিরলেন শায়খে ত্বরিকত আল্লামা মুফতী হাফীজুদ্দীন
নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, (১৭ জুন ২০২৫) আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদের যুগের এক আলোকিত রূহানী বাতিঘর, দ্বীন ও তাসাউফের নিবেদিতপ্রাণ খাদেম, শায়খে ত্বরিকত, আল্লামা মুফতী হাফীজুদ্দীন দা.বা.-কে এবারের পবিত্র হজ্বের তাওফীক দান করেছেন এবং সুস্থতা ও নিরাপত্তার সঙ্গে আজ ১৭ জুন ২০২৫, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১১টায় সৌদি আরব থেকে নিজ মাতৃভূমিতে ফিরিয়ে এনেছেন।
এই মোবারক সফর ছিল তাঁর আত্মশুদ্ধি, উম্মাহর দুআ ও ইস্লাহের এক মহা মোবারক অভিযান। হারামাইন শরীফাইনের পবিত্র প্রাঙ্গণে অবস্থানকালে হযরত দা.বা. উম্মতের জন্য গভীর দরদে বিশেষ দুআ করেন। তিনি ইবাদতের মহাসাগরে ডুবে গিয়ে চোখের পানিতে আল্লাহ তাআলার দরবারে নত হয়ে পুরো উম্মাহর হেদায়েত, রহমত ও কল্যাণের জন্য ফরিয়াদ জানান।
হযরতের এই হজযাত্রা ছিল শুধু তাঁর ব্যক্তিগত আত্মিক উন্নয়ন নয়, বরং সমগ্র উম্মাহর রূহানী পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। দেশে ফেরার এ মাহেন্দ্রক্ষণে তাঁর আশেকান, মুরিদীন ও দ্বীনপ্রেমীরা পরিপূর্ণ হৃদয় নিংড়ানো ভালোবাসায় তাঁকে স্বাগত জানান।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইসলামী শিক্ষার প্রসার, আত্মশুদ্ধি ও তরবিয়তের ময়দানে হযরত দা.বা.-এর খেদমত এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর ইলম, হেকমত ও রূহানিয়াতের ফয়েজে অসংখ্য মানুষ সীরাতে মুস্তাকিমের পথে ফিরে এসেছে। তিনি যুগের এক আলোকবর্তিকা, যাঁর মুখনিসৃত নির্দেশনা ও দুআ আমাদের জন্য এক অমূল্য সম্পদ।
আমরা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে প্রার্থনা করি— মহান রব যেন আমাদের এই প্রিয় শায়খের হজ্ব কবুল করেন, তাঁর সফরের নূর, বরকত ও ফয়েজ আমাদের জীবন ও সমাজে প্রতিফলিত করেন এবং তাঁকে দীর্ঘ হায়াত ও হালাল খেদমতে বারাকাহ দান করেন।