হামাসের টানেল ধ্বংসের দাবি ইসরাইলের, নিহত ছাড়াল ৫৬ হাজার - দিগন্ত জার্নাল

হামাসের টানেল ধ্বংসের দাবি ইসরাইলের, নিহত ছাড়াল ৫৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ – ২৭ জুন ২০২৫
উত্তর গাজার বেইত হানুন এলাকায় হামাসের একটি টানেল ধ্বংস করার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার (২৭ জুন) আল-জাজিরা প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলি বাহিনীর মতে, ২০১৪ সালের ‘অপারেশন প্রোটেক্টিভ এজ’ চলাকালীন যে ভূগর্ভস্থ পথ হামাস যোদ্ধারা ইসরাইলি সেনাদের ওপর হামলায় ব্যবহার করেছিল, সেটিই এবার গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর দাবি, সেই অভিযানে বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরাইলি সামরিক কর্মকর্তা নিহত হন। সাম্প্রতিক অভিযানে ওই টানেলসহ বেশ কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে এবং বহু হামাস যোদ্ধা নিহত হয়েছে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালালে প্রায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর পরদিন থেকেই গাজায় ইসরাইলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬,২৫৯ জনে, আহত হয়েছেন ১,৩২,৪৫৮ জন।

অন্যদিকে গাজায় আটকে পড়া ইসরাইলি জিম্মিদের মুক্তির দাবিতে তেলআবিবে বিক্ষোভ করেছেন তাদের স্বজনেরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। অভিযোগ করেছেন, “জিম্মিরা রাজনৈতিক স্বার্থে বলি হচ্ছেন।”

an adbox will go here