ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদ করায় জাতিসংঘ দূতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫), গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে কথা বলায় ও গণহত্যার নথি প্রস্তুত করায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় ৯ জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দেন। খবর আল-জাজিরার।
আলবানিজ জাতিসংঘের অধীনস্থ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব কণ্ঠস্বর হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ’ চালাচ্ছেন।
আলবানিজ এই নিষেধাজ্ঞাকে তাচ্ছিল্য করে বলেন, “মাফিয়া স্টাইলের ভয়ভীতি প্রদর্শনের কৌশলের বিষয়ে কোনো মন্তব্য নেই।” তিনি আরও জানান, গণহত্যা বন্ধে এবং দোষীদের শাস্তি দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি তিনি তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন।
এর আগে একই দিন আলবানিজ ইউরোপীয় দেশগুলোরও সমালোচনা করেন। তিনি বলেন, তারা যুদ্ধাপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে, যা ন্যায়ের পরিপন্থী। জাতিসংঘের এই বিশেষ দূতের বিরুদ্ধে ইসরায়েল দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছে এবং তাকে পদচ্যুত করার দাবিও জানিয়ে এসেছে।