নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বাড়ছে, চট্টগ্রাম-সিলেটে বন্যা শঙ্কা - দিগন্ত জার্নাল

নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি বাড়ছে, চট্টগ্রাম-সিলেটে বন্যা শঙ্কা

দিগন্ত জার্নাল ডেস্ক:

রোববার, ২৭ জুলাই ২০২৫ | সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় টানা ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। এর ফলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে। এতে করে নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাত এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে। এর ফলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন অংশ নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ‘টানা বৃষ্টি, নদীর পানি বৃদ্ধি এবং নিম্নচাপজনিত জলোচ্ছ্বাসের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে।’

প্রসঙ্গত, চলতি জুলাই মাসের ১০ তারিখে ফেনী জেলার একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত হয়। শহরেও পানি ঢুকে পড়ে, যার ফলে জনজীবনে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। বর্তমানে ফের সে ধরনের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে শনিবার (২৬ জুলাই) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাস অনুযায়ী, রোববার (২৭ জুলাই) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে। তাই নদীবন্দর ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

an adbox will go here