এনসিপির পদযাত্রা প্রতিহতের ঘোষণা, নেত্রকোনায় যুবলীগ নেতা আটক - দিগন্ত জার্নাল

এনসিপির পদযাত্রা প্রতিহতের ঘোষণা, নেত্রকোনায় যুবলীগ নেতা আটক

দিগন্ত জার্নাল ডেস্ক:

রোববার, ২৭ জুলাই ২০২৫ | জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনায় আয়োজিত পদযাত্রা ও সমাবেশ প্রতিহতের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আটক যুবলীগ নেতার নাম মো. হুমায়ুন কবির (৩৬)। তিনি পূর্বধলার খলিশাউড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং খলিশাউড় পূর্বপাড়া এলাকার আব্দুল মান্নান ওরফে ছট্টু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে হুমায়ুন কবির তাঁর ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এনসিপির ঘোষিত পদযাত্রা ও সমাবেশ প্রতিহতের ঘোষণা দেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করা হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান আজকের পত্রিকাকে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করার উসকানিমূলক পোস্ট দেওয়ায় একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

an adbox will go here