জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত অন্তত ৫০ - দিগন্ত জার্নাল

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত অন্তত ৫০

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার, ২৮ জুলাই ২০২৫ | জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাডেন-ভুরটেমবার্গ রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় রিডলিঙ্গেন শহরের কাছে একটি বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দুর্ঘটনার সময় ট্রেনটি সিগমারিংগেন শহর থেকে উলমের দিকে যাচ্ছিল। onboard ছিলেন প্রায় ১০০ যাত্রী। চলন্ত অবস্থায় হঠাৎ ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে গাছপালাঘেরা দুর্গম এলাকায় উল্টে পড়ে যায়।

প্রাথমিকভাবে পুলিশ চারজন নিহতের কথা জানিয়েছিল। পরে এ সংখ্যা সংশোধন করে তিনজনে দাঁড়ায়। যদিও হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

জার্মান রেল অপারেটর ‘ডয়চে বাহন’ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা তৎপরতা চালাচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়, তবে আশঙ্কা করা হচ্ছে প্রবল ঝড়ের কারণে সম্ভাব্য ভূমিধসে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্রেনের হলুদ ও ধূসর রঙের বগিগুলো ছিন্নভিন্ন হয়ে পাশে পড়ে আছে, উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে জরুরি সেবা সংস্থাগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।

রেলপথের ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

an adbox will go here