তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার (১১ আগস্ট ২০২৫),তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ইস্তাম্বুলের কাছের বালিকেসির প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সিন্দিরগি শহরে ধ্বংসস্তূপ থেকে ৮১ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর তিনি মারা যান। ভূমিকম্পের কেন্দ্র ছিল এই শহরেই। তিনি আরও জানান, অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে এবং ২৯ জন আহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভূমিকম্পের কম্পন ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানান। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং নতুন করে আর কোনও গুরুতর ক্ষতি বা হতাহতের খবর নেই।
সিন্দিরগি থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বড় বড় ভবন সম্পূর্ণ ধসে গেছে এবং ধ্বংসস্তূপের বিশাল স্তূপ তৈরি হয়েছে। ভূতাত্ত্বিকভাবে তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫০ হাজারের বেশি এবং সিরিয়ায় আরও ৫ হাজার মানুষ নিহত হন। সেই ভয়াবহ দুর্যোগের দুই বছরেরও বেশি সময় পরেও বহু বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরতে পারেননি।