এক রুমিনকে ঠেকাতে ৭ প্রার্থীর জোট | ব্রাহ্মণবাড়িয়া-২ আসন
দিগন্ত জার্নাল ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ | বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে ঠেকাতে জোটবদ্ধ হয়েছেন একই দলের সাতজন মনোনয়ন প্রত্যাশী। ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন প্রত্যাশীরা গত ২৭ সেপ্টেম্বর আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় বৈঠক করেন।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মো. শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, আইন সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, আহসান উদ্দিন খান শিপন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এবং ভার্চুয়ালি যুক্ত হন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এসএন তরুণ দে। বৈঠকের উদ্দেশ্য ছিল, বহিরাগত হিসেবে পরিচিত রুমিন ফারহানাকে আসন থেকে মনোনয়ন না দেওয়া।
তাদের দাবি, সরাইল–আশুগঞ্জের স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কাউকে ধানের শীষ প্রতীক দেওয়া হলে তা স্থানীয় রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।
তবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমি কোনোভাবেই বহিরাগত নই। আমার পৈতৃক বাড়ি বিজয়নগরের বুধন্তীতে, যা এখন সরাইল–আশুগঞ্জ আসনের অংশ। আমার বাবার জন্মস্থানও এই এলাকায়।”
তিনি আরও বলেন, “সরাইল ও আশুগঞ্জে আমার জনসভায় বিপুল জনসমাগম প্রমাণ করে এলাকাবাসীর ভালোবাসা আমার প্রতি কতটা গভীর। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী।”
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন দলের জন্য যারা কাজ করেছেন, কারাবরণ করেছেন, তাদের মধ্য থেকে মনোনয়ন দেওয়া উচিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় কমিটির ওপরই নির্ভর করছে।