ইসরাইলি হামলায় গাজায় আরও ৮৮ জন নিহত, নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বর্বর হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ৮০৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর আক্রমণে ৮৮ জন নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া বহু মানুষকে উদ্ধারে বাধার মুখে পড়ছেন উদ্ধারকারীরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরাইল তার আক্রমণ বন্ধ করেনি। বরং গাজায় হামলার মাত্রা আরও বাড়িয়েছে।
৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার জবাবে ইসরাইল গাজা উপত্যকায় আকাশ ও স্থল আক্রমণ চালিয়ে আসছে। এতে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে। প্রায় ২০ লাখ গাজাবাসী গৃহহীন হয়ে পড়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলের আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের অভাবে গাজার মানুষ চরম মানবিক সংকটে ভুগছে। এছাড়া, অবরুদ্ধ অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ইতোমধ্যেই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজাবাসীদের এই দুঃসহ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।