সাহসী সাংবাদিকের নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছত্তিসগড়ে
আন্তর্জাতিক ডেস্ক:
দুর্নীতির খবর ফাঁস করায় ভারতের ছত্তিসগড়ের ফ্রিল্যান্স সাংবাদিক মুকেশ চন্দ্রকরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গত শুক্রবার বিজাপুর জেলার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ড নিয়ে পুরো ছত্তিসগড়ে তোলপাড় শুরু হয়েছে।
মুকেশ সম্প্রতি ১২০ কোটি টাকার একটি সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতির খবর প্রকাশ করেছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তাকে হত্যার শিকার হতে হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে মুকেশের তুতো ভাই রীতেশ চন্দ্রকরসহ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন মুকেশ, রীতেশ ও অন্য অভিযুক্তরা একসঙ্গে নৈশভোজে বসেছিলেন। সেখানে তর্কাতর্কির একপর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করে মুকেশকে হত্যা করা হয়। পরে তার লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখে মুখ সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
মুকেশ চন্দ্রকর তার সাহসী সাংবাদিকতার জন্য পরিচিত ছিলেন। বিভিন্ন দুর্নীতি ও অপরাধের খবর প্রকাশ করে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি “বস্তার জংশন” নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন, যেখানে দেড় লাখেরও বেশি সাবস্ক্রাইবার ছিল।
এডিটরস গিল্ড অব ইন্ডিয়া এক বিবৃতিতে মুকেশ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তারা গ্রামীণ ও ছোট শহরের সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরির দাবি জানিয়েছে।
ছত্তিসগড়ের এই হত্যাকাণ্ড সাহসী সাংবাদিকতার ওপর ক্রমবর্ধমান হুমকির আরও একটি উদাহরণ হয়ে উঠেছে।