ভারতের প্রতিক্রিয়া: শেখ হাসিনার রায় ‘নজরে এসেছে’
ডেস্ক রিপোর্ট । জাতীয় । সোমবার , ১৭ নভেম্বর ২০২৫
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই মাসের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণার পর এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায় তাদের নজরে এসেছে (noted)। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারত।
বিবৃতিতে বলা হয়, ভারত তার নিকটতম প্রতিবেশী বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। বিশেষ করে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাজনীতি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয় তারা। দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও সম্পর্কের বিষয়টিও উল্লেখ করা হয় বিবৃতিতে।
ভারত জানায়, বাংলাদেশের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে তারা সবসময় গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের সকল স্টেকহোল্ডারের সঙ্গে ইতিবাচক ও কার্যকর যোগাযোগ বজায় রাখাই ভারতের লক্ষ্য—যাতে দেশটির স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত হয়।
বিবৃতি ঘোষণার পর দুই দেশের কূটনৈতিক মহলে নানা আলোচনার জন্ম নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রেক্ষাপটে ভারতের এ অবস্থান ভবিষ্যতের আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।