টঙ্গী ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত - দিগন্ত জার্নাল

টঙ্গী ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

তামীরুল মিল্লাত, টঙ্গী ক্যাম্পাস, ক্লাস বন্ধ, পরীক্ষা স্থগিত, শিক্ষার্থী আন্দোলন, শিক্ষক বহিষ্কার, বিক্ষোভ ✅ Tags

নিজস্ব প্রতিবেদক । শিক্ষাঙ্গন । বুধবার , ১৯ নভেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিশু শ্রেণি থেকে কামিল পর্ব পর্যন্ত পাঠদান বন্ধ এবং আলিম দ্বিতীয় বর্ষের সব পরীক্ষা স্থগিত করা হয়।

মঙ্গলবার শিক্ষার্থীদের চারদাবি—বেতন বৃদ্ধি বন্ধ, অতিরিক্ত পরীক্ষার ফি বাতিল, গরিব শিক্ষার্থীদের সহায়তা এবং স্কলারশিপ চালুর দাবিতে বিক্ষোভ চলাকালে শিক্ষক–শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, আন্দোলন থামাতে গিয়ে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের মারধর করেন। এতে কয়েকজন আহত হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান ফটক ভেঙে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের ক্যাম্পাসে ফিরিয়ে আনলেও শিক্ষকরা মিলনায়তনে অবরুদ্ধ হয়ে পড়েন। দীর্ঘ অবরুদ্ধ পরিস্থিতির পর গভর্নিং বডির প্রধান ড. কোরবান আলী অভিযোগপ্রাপ্ত তিন শিক্ষক—আতিকুর রহমান, সিবগাতুল্লাহ ও কামরুল ইসলামকে বহিষ্কারের নির্দেশ দেন। এতে পরিস্থিতি শান্ত হয়।

তবে বুধবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার দাবিতে ক্যাম্পাসে অবস্থান নেন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, ‘চাপের মুখে’ শিক্ষক বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে শিক্ষকরা বহিষ্কারাদেশ বাতিল না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করেন, ফলে কার্যক্রম ব্যাহত হয়।

an adbox will go here