গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘মব ভায়োলেন্স’ পরিহারের তাগিদ ফখরুলের
নিজস্ব প্রতিবেদক । রাজনীতি । ১৯ নভেম্বর ২০২৫
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ বা জনতার সহিংসতা থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ নভেম্বর) গুলশানে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনীতে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘোষণার সময় ইচ্ছাকৃতভাবে মবক্রেসি বা সহিংস পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যা রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার কৌশল হতে পারে। রাজনৈতিক দলগুলোকে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার তাগিদ দেন তিনি।
গণতন্ত্রের পথে ফেরার প্রয়োজনীয়তা তুলে ধরে ফখরুল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না দিতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন জরুরি। তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংস্কারের কথা বলছে এবং গণতন্ত্রে বিশ্বাসী সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, দেশ একটি ‘ট্রানজিশনাল পিরিয়ড’-এ রয়েছে। নির্বাচন সামনে হলেও সেটিই সব নয়; নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতি পুনরুদ্ধারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। একটি টেকসই রাষ্ট্রের জন্য বিচার বিভাগ, সংসদ, গণমাধ্যম ও প্রশাসনকে স্বাধীন ও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।