ইসিকে প্রশ্ন এনসিপির: তারেকের ছবি ব্যবহার ইস্যু - দিগন্ত জার্নাল

ইসিকে প্রশ্ন এনসিপির: তারেকের ছবি ব্যবহার ইস্যু

নিজস্ব প্রতিবেদক । রাজনীতি । বুধবার ১৯ নভেম্বর ২০২৫

নিবন্ধন পাওয়ার পর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সংলাপেই নির্বাচনি আচরণবিধি প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত সংলাপে তাদের প্রতিনিধি দল অংশ নেয়। উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

সংলাপে বক্তব্য রাখতে গিয়ে জহিরুল ইসলাম আচরণবিধির ৭ ধারার চ উপধারাকে কমিশনের ‘প্রথম পরীক্ষা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপির বর্তমান প্রধান বেগম খালেদা জিয়া হলেও অনেক প্রার্থী তারেক রহমানের ছবি ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে ইসি কী ব্যবস্থা নেবে—তা দেখার বিষয়।

এনসিপি অভিযোগ, নতুন আচরণবিধি বাংলাদেশের নির্বাচনী উৎসবমুখর সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কাপড় বা চটের ওপর ব্যানার বাধ্যতামূলক করা, সাউন্ডবক্সে শব্দসীমা ৬০ ডেসিবেল নির্ধারণসহ কয়েকটি সিদ্ধান্তকে তারা অবাস্তব বলে মন্তব্য করে। জহিরুল প্রশ্ন তোলেন—কারা শব্দ পরিমাপ করবে এবং কোন প্রক্রিয়ায় অভিযোগ গ্রহণ করা হবে।

তবে আচরণবিধির ২৪ ও ২৫ ধারায় প্রতীক বরাদ্দের পর ইশতেহার পাঠ ও টেলিভিশন সংলাপ প্রচারের বিধানকে স্বাগত জানায় দলটি। নির্বাচন সহিংসতা রোধে দলীয় অভ্যন্তরীণ সহিংসতায় প্রাণহানি ঘটলে প্রার্থিতা বাতিলের প্রস্তাবও তুলে ধরে দলটি।

সংলাপে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আসন্ন গণভোটের নীতিমালা প্রকাশের সময়সীমা জানতে চান এবং ইসিকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।

Home » ইসিকে প্রশ্ন এনসিপি
an adbox will go here